বৈকালিকীর সাহিত্যানুরাগী বন্ধুরা,
আজ নতুন বছরের এই বিশেষ দিনে এটুকু আশায় ছিলাম যে আমরা সশরীরে মিলিত হতে পারবো। কবিতায় গদ্যে গানে ড: শ্রী অসিত বরন চৌধুরীর স্মৃতিকে আমরা আবার সাক্ষাতে উদযাপন করতে পারবো। কিন্তু ওমিক্রনের প্রতাপ আমাদের সামান্য প্রচেষ্টাকে অতিক্রম করে গেল, তাই এ বছরও আমরা আবার ফেসবুকের পাতায় একত্র হচ্ছি।
গত বছর আমাদের প্রথম ভার্চুয়াল উদযাপন আপনাদের সক্রিয় সমর্থনে সমৃদ্ধ হয়েছিল। আশা রাখি এ বছরও আপনাদের যোগদান ও সমর্থন পাবো। নিয়মাবলী একই থাকবে। ৪ঠা জানুয়ারী মধ্যরাত্র থেকে বৈকালিকীর ফেসবুক পেজ খুলে দেওয়া হবে বৈকালিকীর সদস্য শিল্পী সাহিত্যিক মনস্বী বন্ধুদের নিজ নিজ কৃতি থেকে একটি করে চয়ন করে আপলোড করতে। স্মৃতিচারণ, কবিতা, অনুগদ্য বা সংক্ষিপ্ত রম্যরচনা — সবই স্বাগত। শুধু একটাই অনুরোধ — রাজনীতি, পারস্পরিক বিদ্বেষ, অশ্লীলতা — এ সবের এই সমাবেশে স্থান নেই।
যদি না করে থাকেন তবে প্রথমে বৈকালিকীর ফেসবুক পেজ লাইক করুন। facebook.com/baikaliki তে গিয়ে Like বোতাম ক্লিক করুন। এর পর বৈকালিকীর ফেসবুক পাতায় Create Post বোতামে ক্লিক করে পোস্ট করতে পারেন। যদি আপনার পোস্ট সঙ্গে সঙ্গে দেখতে না পান উতলা হবেন না। ফেসবুক অনেক সময় পোস্ট রিভিউ করতে আরম্ভ করে, ১-২ দিনের মধ্যে সাধারণত পোস্ট প্রকাশ হয়ে যায়। যদি ৪৮ ঘন্টার মধ্যে পোস্ট না দেখতে পান আমাদের জানাবেন।ভিডিও ১০ মিনিটের বেশি দীর্ঘ করবেন না — করলে পোস্ট না হবার সম্ভাবনা প্রবল। যদি ফেসবুকে পোস্ট করতে অসুবিধে হয়, [email protected] এ পাঠাতে পারেন। বিনীত অনুরোধ — হোয়াটস্যাপ দিয়ে লেখা বা ভিডিও পাঠাবেন না।
এই প্রয়াসের সাফল্য আপনাদেরই হাতে, তাই সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি।